Tuesday, 8 March 2016

রাজধানীতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম পিয়াস।
ডিবির দাবি, নিহত পিয়াস জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
ডিবির ভাষ্য, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খবর পাওয়া যায় যে খিলগাঁও খিদমাহ হাসপাতাল-সংলগ্ন রেললাইন এলাকায় জঙ্গিরা বৈঠক করছে। এমন তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জঙ্গিরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে পিয়াস নামের ওই যুবক গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও তিনটি বোমা উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা পিয়াসকে মৃত ঘোষণা করেন।
ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, সম্প্রতি চট্টগ্রামে ব্যাংক ডাকাতির ঘটনায় পিয়াসের সংশ্লিষ্টতা ছিল। ওই ঘটনায় বোমা স্প্লিন্টারের আঘাতে তিনি আহত হন। গোপনে তিনি চট্টগ্রামে চিকিৎসাও নিয়েছিলেন। সুস্থ হয়ে তিনি ঢাকায় এসে জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডারের কাজ করছিলেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, পিয়াসের মাথা, বুক ও পাঁজরে গুলির চিহ্ন আছে। তাঁর পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও জিনসের প্যান্ট। পিয়াসের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Shorte.st