সরকারের দুজন মন্ত্রীকে উচ্চ আদালতে তলবের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমরা এর আগেও বলেছি যে বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ নিয়ে অহেতুক কোনো বিতর্ক সৃষ্টি করা ও কথাবার্তা বলা জাতির প্রত্যাশা না। এটা বাংলাদেশ আওয়ামী লীগও প্রত্যাশা করে না।’
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিচার বিভাগ নিয়ে কোনো বিতর্ক হোক—এটা বাংলাদেশ আওয়ামী লীগ চায় না, জাতিও চায় না। আমি আশা করি, অতীতের ভুল শুধরে নিয়ে ভবিষ্যতে বিচার বিভাগ নিয়ে অহেতুক কেউ বিতর্ক সৃষ্টি করবে না। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে, এ ব্যাপারে সবাই সহযোগিতা করবেন।’
বিচারাধীন বিষয়ে নিয়ে দুজন মন্ত্রীর বক্তব্যে সর্বস্তরে বিতর্ক সৃষ্টির বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের মাহবুব উল আলম হানিফ বলেন, ‘রায়কে কেন্দ্র করেই যদি এই বিতর্কের সূত্রপাত হয়ে থাকে; তাহলে চূড়ান্ত রায় ঘোষিত হওয়ার পর এটা নিয়ে কোনো বিতর্কের সুযোগ থাকল না।’ তিনি বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে সরকারের দুজন মন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী গতকাল মন্ত্রিসভায় বিরক্তি প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে সরকার ও দলের মনোভাব পরিষ্কারভাবে ফুটে উঠেছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নেতা মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকার বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই রায় জাতির প্রত্যাশিত রায়। জাতি প্রত্যাশা করেছিল যে শীর্ষ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক। যে রায়টা ট্রাইব্যুনাল দিয়েছেন, সেটা উচ্চতর আদালত বহাল রেখেছেন। এই রায়ে জাতি সন্তুষ্ট। আমরা আশা করি, এই রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যাবে।’
No comments:
Post a Comment